টুইটারে ট্রাম্পের চেয়েও বেশি সক্রিয় হতে মরিয়া বাইডেন
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে টুইটার থেকে নিষিদ্ধ করার এক সপ্তাহের মধ্যে ‘নির্বাচন জালিয়াতি’ নিয়ে অনলাইনে ভুয়া তথ্যের পরিমাণ শতকরা ৭৩ ভাগ হ্রাস পেয়েছে। এমন পরিস্থিতে টুইটারে ট্রাম্পের চেয়েও বেশি সক্রিয় হতে মরিয়া হয়ে উঠেনে বাইডেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
তবে ব্যক্তিগত অ্যাকাউন্ট নয়, নতুন টুইটার অ্যাকাউন্ট খুলে শূন্য থেকে শুরু করেছেন তিনি। এক্ষেত্রে ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট অনুসারীদের স্থানান্তর করা হচ্ছে না অফিশিয়াল অ্যাকাউন্টটিতে। যা নিয়ে অসন্তোষ বাইডেনের সমর্থকদের।
অবশ্য নিয়ম অনুযায়ী, প্রেসিডেন্ট অব দ্য ইউনাইটেড স্টেটস অ্যাকাউন্টটি তাকে হস্তান্তর করে টুইটার কর্তৃপক্ষ।
যাতে হু হু করে বাড়ছে এখন ফলোয়ার। বুধবার (২০ জানুয়ারি) প্রেসিডেন্ট হিসেবে অভিষেকের দিন বাইডেন থেকে পোটাস নামে রূপান্তরিত হয়ে যাবে অ্যাকাউন্টটি।
ইতোমধ্যে বাইডেন প্রশাসন, নতুন ফার্স্ট লেডি জিল বাইডেনের জন্যও আলাদা অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট খোলা হয়েছে। সেই সঙ্গে প্রথমবারের মতো ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের জীবনসঙ্গীর জন্যও অফিশিয়াল অ্যাকাউন্ট হয়েছে। "সেকেন্ড জেন্টল ম্যান" নামে এই অ্যাকাউন্টটি পরিচালনা করবেন কামালার স্বামী ডগলাস এমহফ।
এদিকে সামাজিক মাধ্যমে ডনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট বাতিলের প্রভাব নিয়ে প্রতিবেদন তৈরি করেছে গবেষণা প্রতিষ্ঠান জিগনাল ল্যাবস। তারা জানিয়েছে ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট বাতিলের পর এক সপ্তাহেই সামাজিক মাধ্যমগুলোয় মার্কিন নির্বাচন নিয়ে মিথ্যাচার প্রায় ২৫ লাখ থেকে কমে ছয় লাখ ৮৮ হাজারে এসেছে।